চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় জেলা প্রশাসনের ব্যাপক টহল ও মোবাইল কোর্ট অভিযান
সংগৃহীত
মোঃ কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর ও জেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের টহল কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কঠোর নির্দেশনায় এরই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর দিবাগত রাতে মহানগর ও বিভিন্ন উপজেলায় একযোগে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করেন।
মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চকবাজার এলাকার গণি বেকারি, চট্টেশ্বরী রোড, গুলজার টাওয়ার, চকবাজার মোড় ও কাপাসগোলা এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদমান সহিদের নেতৃত্বে টহল পরিচালনা করা হয়।
একই রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ২ নম্বর গেট, প্রবর্তক মোড়, মুরাদপুর পুলিশ বক্স, মা ও শিশু হাসপাতাল এবং জিইসি মোড় এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে টহল কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া প্রবর্তক মোড়, ২ নম্বর গেট, ষোলশহর, মুরাদপুর ও জিইসি মোড় এলাকায় পৃথক আরেকটি টহল দল দায়িত্ব পালন করে। এসব এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক পাওয়া যায়।
মহানগরের পাশাপাশি জেলা প্রশাসকের নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলাতেও একযোগে টহল পরিচালনা করা হয়। কর্ণফুলী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদয়ানুল ইসলামের নেতৃত্বে সার্কেল এএসপি ও ওসিসহ এবং মীরসরাই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে ওসিসহ টহল দেওয়া হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বির নেতৃত্বে ওসিসহ এবং হাটহাজারীতে সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে ব্যাটালিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় টহল কার্যক্রম পরিচালিত হয়। এ ছাড়া রাউজানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাতুল ইসলামের নেতৃত্বে এবং সাতকানিয়া ও পটিয়ায় নিয়মিত টহল পরিচালনা করা হয়।
ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা এলাকায় টহল চলাকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নির্জন স্থানে দুর্বৃত্তদের জ্বালিয়ে রাখা টায়ার অপসারণ করা হয়। এতে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়।
নিয়মিত টহলের পাশাপাশি পরিবেশ রক্ষা ও সরকারি সম্পত্তি উদ্ধারে জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় তিনটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ফটিকছড়ি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহর নেতৃত্বে নানুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গামারিতলা এলাকায় রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে টিলার মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
মীরসরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত আনুমানিক ৪ হাজার ফুট পাইপ ও তিনটি শ্যালো মেশিন বিনষ্ট করা হয়। পাশাপাশি আনুমানিক ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
অন্যদিকে, সন্দ্বীপে সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজের পরিচালনায় সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের অপরাধে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ১১ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে নিজ খরচে স্থাপনাটি অপসারণের নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এ ধরনের টহল ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমকে/বিএম২৪









