রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক এক রায়ে এ সিদ্ধান্ত জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের এই শীর্ষ আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে এমন রায় দিলেন।


রায়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।’


বহুল আলোচিত এই মামলায় ৯ জন বিচারপতি গণহত্যার রায়ের পক্ষে একমত হয়েছেন এবং ছয়জন এর বিপক্ষে মত দিয়েছেন। ২০১৭ সালের নৃশংস দমন-পীড়নের শিকার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন বিচারকরা।


ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য, যতক্ষণ না পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা হয়।’


আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণ দিতে বাধ্য করলেও এর সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ করেননি। তবে ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘পূর্বাবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদিও ক্ষতিপূরণের পরিমাণ কিংবা পদ্ধতির প্রশ্নটি বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা উচিত।’


আন্তর্জাতিক বিচার আদালতের এই বিচারক আরও বলেন, রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। ওই প্রতিবেদনে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে কিংবা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরতে হবে।


এমকে/বিএম২৪