পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, ৭ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান, ৭ হাজার টাকা জরিমানা

সূত্রঃ বিডি মেইল

পাবনা প্রতিনিধি


পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে একটি বাস ও চারটি ট্রাকের চালককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।


বুধবার (২ সেপ্টেম্বর) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী মো. আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।


অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।


পরিবেশ অধিদপ্তর, পাবনা জানিয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।