নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, শুরু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, শুরু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ

সূত্রঃ সংগৃহীত

মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নতুন বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নির্মিত ৩৩,০০০/১১,০০০ ভোল্ট এবং ১০/১৪ এমভিএ ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।


উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, এ উপকেন্দ্র চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এর ফলে নোবিপ্রবির দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও বলেন, জাতীয় গ্রিডের সমস্যা অথবা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া এ উপকেন্দ্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে। সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. জামাল হোসেন এবং একই দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌশলী মোহাম্মদ শরীফ হোসেন।


এ ছাড়া নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ডিজিএম, পবিস সোনাপুর, নোয়াখালীর ডিজিএমসহ নোবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪