নতুন নেতৃত্বে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব, সভাপতি তুষার ও সম্পাদক আবিদ
সূত্রঃ সংগৃহীত
মো. শফিউল আলম, নোবিপ্রবি প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফটোগ্রাফি ক্লাবের ২০২৬–২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফলিত গণিত বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মেহরাব জামাল তুষার এবং সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী মো. ফজলুল হক আবিদ।
নবগঠিত কমিটিতে সহসভাপতি হয়েছেন শিক্ষা প্রশাসন বিভাগের শাহেনুর আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এগ্রিকালচার বিভাগের আসিফ ইকবাল সজীব এবং সাংগঠনিক সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের মো. সাদমান সাকিব।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সুরাইয়া জান্নাত এবং দপ্তর সম্পাদক হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের রাকিব হোসাইন।
কমিটিতে ডকুমেন্টেশন বিভাগের প্রধান হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের মাইশা মালিহা, জনসংযোগ বিভাগের প্রধান হয়েছেন ইংরেজি বিভাগের ফাবিহা ফাইজা এবং চলচ্চিত্র বিভাগের প্রধান হয়েছেন রিজন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. শরীফুল ইসলাম।
দায়িত্ব পাওয়ার পর দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, ‘সর্বপ্রথম আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আগের কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাকে এই কাজের জন্য যোগ্য মনে করেছেন।’
তিনি বলেন, ‘অফিস সেক্রেটারি হিসেবে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি নতুন কিছু শিখতে পারব বলে আশা রাখছি। আমি চাই, এবার আমরা দেশব্যাপী সাড়া জাগানো “বাংলা দর্পণ: সিজন ৭”-এর মতো প্রোগ্রামকে ছাড়িয়ে যেতে পারব।’
সাধারণ সম্পাদক মো. ফজলুল হক আবিদ বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে এই দায়িত্ব আমার জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্ব ও অঙ্গীকারের বিষয়। নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব আমার কাছে শুধু একটি সংগঠন নয়; এটি আমাদের সৃজনশীলতা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গি প্রকাশের একটি জায়গা। তাই নতুন কমিটির মাধ্যমে এই জায়গাটিকে আরও প্রাণবন্ত ও সবার জন্য কার্যকর করে তোলাই আমার অন্যতম লক্ষ্য।’
তিনি আরও বলেন, ‘আমি চাই, আমাদের প্রতিটি সদস্য যেন নিজের দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ পায় এবং ফটোগ্রাফির মাধ্যমে নিজের গল্প বলার আত্মবিশ্বাস অর্জন করে। নিয়মিত কার্যক্রম, দক্ষতা উন্নয়ন ও নতুন নতুন উদ্যোগের মাধ্যমে আমরা ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে চাই।’
সবার সহযোগিতা কামনা করে আবিদ বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সৃজনশীলতার শক্তিতে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই আমার স্বপ্ন।’
নবগঠিত কমিটি নিয়ে সভাপতি মেহরাব জামাল তুষার বলেন, ‘নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের অ্যাডভাইজার স্যার-ম্যাম ও অ্যালামনাইদের অসংখ্য ধন্যবাদ জানাই, আমাকে এত বড় একটি দায়িত্ব দেওয়ার জন্য যোগ্য মনে করায়। পূর্ববর্তী কমিটির সদস্যরা আমাদের ক্লাবকে অনেক ভালো অবস্থানে নিয়ে এসেছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্লাবের এই অগ্রগতি বহাল রাখতে এবং আমাদের জুনিয়রদের জন্য আরও সুন্দর একটি পরিবার তৈরি করে যেতে।’
নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও অ্যালামনাই হাবিবুল্লাহ রাকিব নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘ফটোগ্রাফি শুধু ছবি ধারণের মাধ্যম নয়; এর মাধ্যমে আমরা সময়, স্মৃতি ও বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে তুলে ধরতে পারি। আশা করি, নতুন কমিটির নেতৃত্বে ক্লাবটি আরও সৃজনশীল ও সক্রিয়ভাবে এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, প্রকৃতি, সংস্কৃতি ও শিক্ষার্থীদের প্রতিভা দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতি আমার পূর্ণ সহযোগিতা ও শুভকামনা রইল।’
নতুন কমিটির নেতৃত্বে নোবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনটির সদস্যরা।
এমকে/বিএম২৪








