নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম
নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় আতঙ্ক

সূত্রঃ সংগৃহীত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি


বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হওয়া আরজান মিয়া (১৯) নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মুখ ও শরীর কসটেপ দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের সরকারি কলেজের গেটসংলগ্ন মামুন মার্কেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বেনিপাড়া এলাকা থেকে তাঁর অটোরিকশাটিও উদ্ধার করা হয়।


নিহত আরজান মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার চিকনপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।


পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আরজান। সাধারণত দুপুরে বাড়ি ফিরে খাবার খেয়ে আবার কাজে বের হতেন তিনি। তবে ওই দিন দুপুরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।


নিহতের বাবা আব্দুল আওয়াল বলেন, ছেলে বাড়িতে না ফেরায় তাঁর মুঠোফোনে কল করা হয়। দুবার কল যাওয়ার পর ফোনটি বন্ধ করে দেওয়া হয়। এরপর লাখাইয়ের বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে খোঁজ করেও আরজানের সন্ধান পাওয়া যায়নি।


সোমবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরনগরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পান আব্দুল আওয়াল। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাঁর ছেলে আরজানের বলে শনাক্ত করেন তিনি।


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার শচীন চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।


পরিবারের অভিযোগ, অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আরজানকে হত্যা করা হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এমকে/বিএম২৪