জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ
সূত্রঃ সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা।
সোমবার বিকেলে গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি জয়দেবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড মোড় প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় জামায়াতের নেতাকর্মীরা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে শিববাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর আমির অধ্যাপক মো. জামাল উদ্দীন।
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান ও মোহাম্মদ হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন ও মো. আজহারুল ইসলাম মোল্লা, মহানগর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমির মো. নজরুল ইসলাম এবং মহানগর মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মেট্রো সদর থানা আমির মো. ছাদেকুজ্জামান খান।
বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।
তারা বলেন, মূল্যস্ফীতির কারণে এমনিতেই জনজীবন অতিষ্ঠ। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
জনভোগান্তি লাঘবে অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
কর্মসূচিতে জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









