ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না মা-বাবার
সূত্রঃ সংগৃহীত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসফেরত বাবা আনোয়ার হোসেন ঘুলি মালিথা (৫২) ও তাঁর স্ত্রী স্বপ্না বেগম (৪০) নিহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন ঘুলি মালিথা উপজেলার সাহাপুর মালিথাপাড়ার মৃত টুনি মালিথার ছেলে। তাঁর স্ত্রী স্বপ্না বেগমও এ দুর্ঘটনায় নিহত হন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন করছিলেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিয়ামের বিয়ের দিন নির্ধারিত ছিল।
বিয়ের কেনাকাটার জন্য বুধবার স্বামী-স্ত্রী মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে যান। বাজার শেষে সন্ধ্যায় স্বপ্না বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আনোয়ার হোসেন। পথে আলহাজ্ব মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই স্বপ্না বেগম নিহত হন। গুরুতর আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতদের স্বজনদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি উদ্ধার করে হেফাজতে রেখেছে। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।








