চবিতে পাঁচ শতাধিক নারী শিক্ষার্থী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পিএম
চবিতে পাঁচ শতাধিক নারী শিক্ষার্থী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

সূত্রঃ বিডি মেইল

চবি প্রতিনিধি


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাঁচ শতাধিক নারী শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি সুমাইয়া নুসরাত ও জিএস নাজিফা তাসফিয়ার উদ্যোগে এবং তাঁদের ব্যবস্থাপনা ও অর্থায়নে এ চিকিৎসাসেবা কার্যক্রম আয়োজন করা হয়।


বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের ডাইনিংয়ে দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ একজন নিউট্রিশনিস্ট, দুজন ডার্মাটোলজিস্ট, একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন গাইনোকোলজিস্ট নারী শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে পরামর্শ দেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া হল সংসদের সভাপতি ও প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মিঝি, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ও চিকিৎসক ডা. জান্নাতুন নাঈম হক, আরএমও ও চিকিৎসক ডা. শাফায়াত, ডিজিএম ও কো-অর্ডিনেটর মো. আমান উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) জিএস সাইদ বিন হাবিব, সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতাসহ সংশ্লিষ্টরা।


চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড এ কার্যক্রমে সহযোগিতা করে। আয়োজকদের মতে, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং তাঁদের বিভিন্ন শারীরিক সমস্যায় প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়াই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।


হল সংসদের জিএস নাজিফা তাসফিয়া বলেন, শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা তাঁদের অন্যতম দায়িত্ব। বিশেষ করে নারী শিক্ষার্থীরা অনেক সময় সংকোচের কারণে নিজেদের স্বাস্থ্যগত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাঁদের কথা বিবেচনায় নিয়েই বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শের ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগে হলের প্রাক্তন ছাত্রীরা অর্থায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন।


ভিপি সুমাইয়া নুসরাত বলেন, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা তাঁদের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে তাঁরা আনন্দিত। এ আয়োজনের মাধ্যমে নারী শিক্ষার্থীরা নিজেদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে নিয়মিত, বিশেষ করে প্রতি মাসে এমন আয়োজন করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ও টিকিউএম ডা. জান্নাতুন নাঈম হক বলেন, পড়াশোনা, টিউশনসহ নানা ব্যস্ততার কারণে শিক্ষার্থীরা অনেক সময় নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারেন না। এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প তাঁদের স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।


চাকসুর জিএস সাইদ বিন হাবিব বলেন, হল সংসদগুলো বিভিন্ন সময় সীমিত বাজেটের মধ্যেও শিক্ষার্থীদের জন্য নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। নারী শিক্ষার্থীদের জন্য খালেদা জিয়া হল সংসদের ভিপি ও জিএসের এই উদ্যোগ প্রশংসনীয়। শিক্ষার্থীবান্ধব এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।