চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৪ এএম
চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ

সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি


চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের জাফরপুর বাজারে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে এ হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


জানা গেছে, জাফরপুর বাজারে মো. মোহনের বাড়ির দ্বিতীয় তলায় গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা কার্যালয় অবস্থিত। রাতের আঁধারে মুখোশ পরিহিত কয়েকজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


নিক্ষেপ করা চারটি পেট্রোল বোমার মধ্যে একটি ব্যাংক ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপরটি সিসিটিভি ক্যামেরার সামনের স্থানে পড়ে। এতে আগুনের সূত্রপাত হলে ব্যাংকের দায়িত্বে থাকা প্রহরী দ্রুত বাজারের লোকজনকে ডেকে আনেন। পরে প্রহরী ও স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।


এ ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। তবে গভীর রাতে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।


চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এমকে/বিএম২৪