চিতলমারীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা
সংগৃহীত
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং সুস্থ-সবল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের চিতলমারীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ২টা ৩০ মিনিটে চিতলমারী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কার্যক্রম বাস্তবায়ন, শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে খেলোয়াড় নির্বাচন, শিশু-কিশোরদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ উদ্যোগ সফল করতে উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্রীড়া সংগঠন ও সংশ্লিষ্ট সবার সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা এবং দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকেও দূরে রাখতে সহায়তা করে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মূল লক্ষ্য শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা এবং তৃণমূল পর্যায় থেকে ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় গড়ে তোলা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকার প্রতিভাবান ছেলেমেয়েরাও নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে।
গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী, উপযুক্ত মাঠ ও দক্ষ প্রশিক্ষকের ব্যবস্থা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তা, চিতলমারী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বিন্দু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, সদর ইউনিয়নের বিএনপি নেতা সেলিম খান, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’-এর লক্ষ্য বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়িত হলে চিতলমারীর শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়বে এবং তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।
এমকে/বিএম২৪








