ছবি, কবিতা ও শব্দে কাকদের বাঁচিয়ে রাখতে চান ভাবনা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি, কবিতা ও শব্দে কাকদের বাঁচিয়ে রাখতে চান ভাবনা

সংগৃহীত

বিনোদন প্রতিবেদক


অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয়ের পাশাপাশি ছবি আঁকা ও লেখালেখিতেও বেশ পরিচিত। এবার নিজের শিল্পকর্মের মাধ্যমে কাকদের বাঁচিয়ে রাখার প্রত্যয় জানিয়েছেন তিনি। তাঁর ভাষায়, ছবি, কবিতা ও রেখে যাওয়া প্রতিটি শব্দে চিরকাল বেঁচে থাকবে কাকেরা।


সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আঁকা একটি কাকের ছবি প্রকাশ করেন ভাবনা। ছবিটির সঙ্গে কাকদের প্রতি ভালোবাসা ও তাদের হারিয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন এই অভিনেত্রী।


একসময় ঢাকা শহরের অলিগলি ও ছাদে প্রচুর কাক দেখা গেলেও এখন আগের মতো চোখে পড়ে না—এমন পর্যবেক্ষণের কথাও উঠে এসেছে তাঁর প্রকাশিত লেখায়।


ভাবনা লেখেন, ‘আমার ছবি, আমার কবিতা, আর আমার রেখে যাওয়া প্রতিটি শব্দে কাকেরা চিরকাল বেঁচে থাকবে। আমি তাদের কথা বলে যাব, তাদের ছবি আঁকব, আমার শিল্পে তাদের জন্য জায়গা করে দেব। কারণ আমি তাদের বিশ্বাস করি, তাদের গভীরভাবে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যকার নীরব ভাষার কোথাও আমি বিশ্বাস করি, তারাও আমাকে ভালোবাসে।’


কাকদের জন্য নিরাপদ একটি শহরের স্বপ্নও দেখেন ভাবনা। এমন এক শহর, যেখানে আশ্রয় হারানোর ভয় থাকবে না পাখিগুলোর, থাকবে না প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা।


নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি লেখেন, ‘আমি এমন এক শহরের স্বপ্ন দেখি, যে শহর কেবল কাকদের হবে। যে শহরের আকাশ তাদের, ছাদের কার্নিশগুলো তাদের। যে শহরে তারা নির্ভয়ে বেঁচে থাকতে পারবে, প্রত্যাখ্যাত হওয়ার ভয় ছাড়াই; নিজেদের জন্য একটুখানি জায়গা চেয়ে কাউকে কখনো কিছু বলতে হবে না তাদের।’


ভাবনার এই লেখায় কাকের প্রতি তাঁর গভীর মমতা ও প্রাণীদের জন্য নিরাপদ পরিবেশের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। নিজের শিল্পের মধ্য দিয়ে কাকদের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে চান তিনি।


এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন ভাবনা। সম্প্রতি তানবীর হাসানের ‘যাযাবর’ সিনেমার শুটিং করেছেন তিনি। সিনেমাটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন আব্দুল নূর সজল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ।


এমকে/বিএম২৪