চবিতে মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা ৮ সেপ্টেম্বর, বক্তব্য দেবেন দুই বিদেশি চিন্তাবিদ
সূত্রঃ বিডি মেইল
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা-৫’। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এ আয়োজন করছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোরশেদুল আলম তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অধ্যাপক মোরশেদুল আলম বলেন, দেশি-বিদেশি স্কলার, শিক্ষাবিদ, সুফি গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ অডিটোরিয়ামে মাইজভাণ্ডারী তরিকার প্রবর্তক হযরত গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর জীবন, দর্শন ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বক্তৃতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে থাকবেন বাহরাইনের কোর্ট অব ক্যাসেশন বা সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম সুন্নি শরিয়াহ কোর্টের সাবেক প্রধান বিচারপতি ড. ইব্রাহিম আল-শেখ রশিদ আল-মুরাইখি।
তিনি ‘হযরত মুহাম্মদ (সা.)-এর প্রশংসায় নিবেদিত রচনা: আল-মাদিহ আল-নববী এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর সমাজে এর প্রভাব’ বিষয়ে বক্তব্য দেবেন।
বিশেষ বক্তা হিসেবে থাকবেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক দাওয়াহ অনুষদের সাবেক ডিন ও ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জামাল ফারুক জিবরিল মাহমুদ। তিনি ‘তাসাউফ বা সুফিবাদ সম্পর্কে আল-আজহার শরিফের অবস্থান’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন।
আয়োজকেরা জানান, স্মারক বক্তৃতায় মাইজভাণ্ডারী দর্শন, সুফিবাদ, ইসলামি চিন্তাধারা এবং সমাজে এর প্রভাব নিয়ে দেশি-বিদেশি গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞানভিত্তিক আলোচনা হবে। এতে বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি সুফিবাদ ও ইসলামি দর্শন নিয়ে গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করছেন আয়োজকেরা।









