গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে ২৫ প্লাটুন যৌথ বাহিনী ও ২৫ ম্যাজিস্ট্রেট

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম
গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে কঠোর নিরাপত্তা, মাঠে ২৫ প্লাটুন যৌথ বাহিনী ও ২৫ ম্যাজিস্ট্রেট

ছবি: বিডি মেইল

আমান উল্যাহ আমান, গাজীপুর প্রতিনিধি


গাজীপুর শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কোনো আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।


তিনি জানান, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বুধবার সকাল ৬টা থেকে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।


এ ছাড়া নিরাপত্তা নিশ্চিতে গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।


শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।