খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম
খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ফাইল ছবি

খুলনা প্রতিনিধি


জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২০০ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে প্রায় ৫০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে তিনি নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।


রোববার (২৫ অক্টোবর) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, এস এম মাহাবুবুর রহমান তাঁর দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট ২ কোটি ৪৮ লাখ ৬৪ হাজার ৯৫১ টাকার সম্পদের ঘোষণা দেন। তবে দুদকের অনুসন্ধানে তাঁর নামে মোট ৪ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৬৯৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।


এজাহারে উল্লেখ করা হয়, ব্যাংকঋণসহ অন্যান্য দায় বাবদ ১৪ লাখ ৯৬ হাজার ৭৪১ টাকা বাদ দেওয়ার পর তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৫ লাখ ৩৯ হাজার ৯৫৫ টাকা।


দুদকের অনুসন্ধানে তাঁর গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া গেছে ২ কোটি ৩১ লাখ ৬০ হাজার ৪১৩ টাকা। এর বিপরীতে পারিবারিক ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ৯৩ হাজার ৬৫৮ টাকা। পারিবারিক ব্যয় বাদ দেওয়ার পর তাঁর নিট আয় বা সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৩ লাখ ৬৬ হাজার ৭৫৫ টাকা।


দুদকের হিসাব অনুযায়ী, গ্রহণযোগ্য আয় ও সঞ্চয়ের সঙ্গে তাঁর সম্পদের হিসাবে ২ কোটি ৫১ লাখ ৭৩ হাজার ২০০ টাকার অসংগতি পাওয়া গেছে। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।


এ ছাড়া সম্পদ বিবরণীতে ৩০ লাখ ৫৬ হাজার ৫৬৩ টাকার স্থাবর এবং ১৯ লাখ ২৬ হাজার ৫৫৭ টাকার অস্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। গোপন করা সম্পদের মোট মূল্য ৪৯ লাখ ৮৩ হাজার ১২০ টাকা। এ অভিযোগে একই আইনের ২৬(২) ধারায় তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক।


এমকে/বিএম২৪