খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা
সূত্রঃ বিডি মেইল
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনায় আশিকুর রহমান নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনার পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরের খুলনা সদর থানার বাগমারা এলাকার মেইন রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাগমারা মেইন রোডের মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিলেন ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমান। কিছুক্ষণ পর দুই যুবক সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত অবস্থায় রক্ষা পান। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশিকুর রহমান নগরের ৮৪ শের-এ-বাংলা রোডের হাজী বাড়ির মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং হামলার বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, হামলায় জড়িতরা খুলনার কথিত ‘পলাশ গ্রুপের’ সদস্য হতে পারে। ওই সূত্রের ভাষ্য, এর আগে আশিকুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছিল। তবে গুলি ছোড়ার সঙ্গে চাঁদাবাজির কোনো যোগসূত্র রয়েছে কি না কিংবা হামলার প্রকৃত কারণ কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটকের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।









