খুলনায় জমি দখলের অভিযোগ নিয়ে এএসআই সোহাগের প্রতিবাদ, হয়রানির দাবি পরিবারের
ফাইল ছবি
খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর কয়লাঘাট এলাকায় সীমানাপ্রাচীর ভেঙে জমি দখলের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহাগ মোল্লা। তাঁর দাবি, জমি নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে সামাজিক ও পেশাগতভাবে হয়রানি করা হচ্ছে।
সাংবাদিকদের কাছে এএসআই সোহাগ জানান, ২০২১ সালে তিনি ও হাবিবুর রহমান যৌথভাবে সংশ্লিষ্ট জমি কেনেন। পরে তাঁরা জানতে পারেন, জমিটি নিয়ে ওয়ারিশসূত্রে মামলা চলমান রয়েছে। এ ছাড়া জমির দলিলে উল্লেখিত পরিমাণের সঙ্গে সরেজমিনে পাওয়া জমির পরিমাণের পার্থক্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
সোহাগের ভাষ্য অনুযায়ী, হাবিবুর রহমান তাঁর নিজ অংশ দ্বিতীয় ভাগ-বাটোয়ারা মামলা নং ১০৩/২৬ চলমান থাকা অবস্থায় এক প্রবাসীর কাছে বিক্রি করেন। বর্তমানে ওই জমি দেখাশোনা করছেন হাবিবুর রহমানের বোন আসমা পারভীন।
জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর পরিবার ও আসমা পারভীনের বিরুদ্ধে তাঁকে বিভিন্নভাবে হেনস্তা, হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ করেন এএসআই সোহাগ। তাঁর আরও দাবি, তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ভয় দেখানো হয়েছে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফাঁসানোর হুমকিও দেওয়া হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এএসআই সোহাগ জানান, তাঁর স্ত্রী স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং হয়রানির আশঙ্কা প্রকাশ করে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এদিকে জমি নিয়ে বিরোধের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সোহাগের পরিবার। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমির দলিল, মালিকানা, চলমান মামলা ও উভয় পক্ষের বক্তব্য যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেবে।
এমকে/বিএম২৪









