কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা
ছবি: বিডি মেইল
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও চারটি মুঠোফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. রেজাউল করিম রাজু (৫০) নামের একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর এলাকায় রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন মো. ফজলে মিয়া (৪৮) ও মো. রাসেল মিয়া (৩৫)। তাঁদের বাড়ি নাগেশ্বরী উপজেলার কাজিপাড়া ও বালাসিপাড়া এলাকায়।
পুলিশ জানায়, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১ হাজার ১৭০টি ইয়াবা, নগদ টাকা, মোটরসাইকেল ও মুঠোফোন জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি (সিডিএমএস) পর্যালোচনা করে রেজাউল করিম রাজুর বিরুদ্ধে ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। মামলাগুলো নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় রয়েছে। এ ছাড়া ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









