কুড়িগ্রামে সার বিতরণ নিয়ে বিতর্কের মধ্যে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলি
সূত্রঃ ফাইল ছবি
শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে একের পর এক অভিযোগ, বিশৃঙ্খলা ও কৃষকদের ভোগান্তির মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে।
সম্প্রতি তাঁকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা হিসেবে বদলি ও পদায়ন করেছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে তাঁর স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রাম জেলার উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার সকালে আদেশটির অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।
বুধবার বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। আদেশ অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে তাঁকে বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় ২৪ সেপ্টেম্বর দুপুরের মধ্যে তাঁকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করার কথা বলা হয়েছে।
কৃষি বিভাগ সূত্র জানায়, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেন। নতুন উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীর বুধবার দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে কুড়িগ্রামে সার সরবরাহ ও বিতরণ নিয়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিভিন্ন এলাকায় সারের সংকট, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি, মজুত ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। কয়েকটি ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার ঘটনাও ঘটে।
জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্রের দাবি, সার বিতরণে সৃষ্ট বিভিন্ন অনিয়ম ও কৃষকদের ভোগান্তির প্রেক্ষাপটে উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের বদলি আদেশে তাঁকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে—এমন কোনো কারণ উল্লেখ আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘কৃষি বিভাগের উপপরিচালকের বদলি হয়েছে। আজ বুধবার নতুন উপপরিচালক পদে একজন কর্মকর্তা যোগদান করবেন।’
কৃষকদের অভিযোগ, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম ও সমন্বয়হীনতার কারণে গত কয়েক সপ্তাহ ধরে তাঁদের ভোগান্তি পোহাতে হয়েছে। নতুন উপপরিচালক দায়িত্ব নেওয়ার পর সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং কৃষকদের হয়রানি কমবে—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।








