এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর গ্রেপ্তার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা, মামা ওবায়দুর গ্রেপ্তার

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁর মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।


বুধবার (২৩ সেপ্টেম্বর) গ্রেপ্তারের পর ওবায়দুর রহমানকে ঢাকার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।


প্রসিকিউশনের এসআই রফিকুল ইসলাম জানান, ওবায়দুরের পক্ষে আদালতে কোনো জামিন আবেদন করা হয়নি। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মরিয়মের আত্মহত্যার ঘটনায় ওবায়দুরের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।


এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।


মামলাটি পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) তদন্তের জন্য হস্তান্তর করা হয়। এর আগে আদালত গাজী নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদা বেগমকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মাকছুদাকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। আর গাজী নজরুল ইসলাম চার দিনের রিমান্ডে রয়েছেন।


মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলার অভিযোগ অস্বীকার করেছেন গাজী নজরুল ইসলাম। রিমান্ড শুনানির পর তিনি সাংবাদিকদের বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং মরিয়ম নিজেই আত্মহত্যা করেছেন।


মরিয়মের মৃত্যুর ঘটনা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের তদন্ত করছে ডিবি পুলিশ।