কাশিয়াডাঙ্গা থানা পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম
কাশিয়াডাঙ্গা থানা পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার

সূত্রঃ সংগৃহীত

আবু কাওসার মাখন, বিশেষ প্রতিনিধি


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।


সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি কাশিয়াডাঙ্গা থানা পরিদর্শন করেন।


পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তিনি জুয়া, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।


থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল জোরদার, অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


এ ছাড়া অধীনস্থ কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন পুলিশ কমিশনার। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক থাকার জন্যও তিনি আহ্বান জানান।


পরিদর্শন শেষে তিনি থানার সব কর্মকর্তা ও সদস্যের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাসও প্রদান করেন।


পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) শামিমা নাসরিন, সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা জোন) সুকুমার মোহন্ত, অফিসার ইনচার্জ (কাশিয়াডাঙ্গা) মো. ফরহাদ আলীসহ আরএমপির অন্যান্য কর্মকর্তারা।


এমকে/বিএম২৪