কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ
সূত্রঃ সংগৃহীত
মো. শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক ও অতিথিরা।
কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ সুনীল কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলাম।
কলেজের প্রভাষক অন্তর হোসেন রানা ও নুসরাত জাহান মুনার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদা খাতুন।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনে সাফল্য অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতেও শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে।
তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক শিক্ষার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধ অর্জন জরুরি। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়।
এমকে/বিএম২৪









