কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা, ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস
সূত্রঃ বিডি মেইল
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবা গ্রহণকারী ও সাধারণ নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শহীদ খালেক মেজর সালেহ বীর উত্তম ট্রাস্টের চেয়ারম্যান এ. মতিন চৌধুরী।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নে প্রায় ৩ কোটি টাকা প্রয়োজন বলে জানানো হলে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকা অনুদানের আশ্বাস দেন এ. মতিন চৌধুরী। পাশাপাশি পর্যায়ক্রমে আরও অনুদান অব্যাহত রাখার কথা জানান তিনি।
সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ছাত্রদল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় বক্তারা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, প্রয়োজনীয় অবকাঠামো ও সরঞ্জাম বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন।









