কক্সবাজারে জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় পিআইবির কর্মশালা

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পিএম
কক্সবাজারে জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় পিআইবির কর্মশালা

সূত্রঃ সংগৃহীত

নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি


পর্যটন নগরী কক্সবাজারে জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চার লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২ সেপ্টেম্বর) কক্সবাজার অরুণোদয় মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৩৫ জন সাংবাদিক অংশ নেন। ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়। প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে এবং নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত হচ্ছে।


কর্মশালায় ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ ম্যানুয়ালের আলোকে জেন্ডার-সংবেদনশীল ভাষার ব্যবহার, প্রচলিত স্টেরিওটাইপ চিহ্নিত ও মোকাবিলা এবং সংবাদে মানুষের মর্যাদাপূর্ণ উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বাংলাদেশের ইতিহাস ও জ্ঞানচর্চায় নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ইসলামি জ্ঞানচর্চার ইতিহাসেও নারী জ্ঞানী ও শিক্ষাবিদদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সময়ের সঙ্গে সমাজে নানা ধরনের বৈষম্য ও স্টেরিওটাইপ তৈরি হয়েছে।


সাংবাদিকতার মাধ্যমে এসব প্রচলিত স্টেরিওটাইপকে আরও শক্তিশালী না করে মানুষের ভূমিকা, অবদান ও মর্যাদাকে যথাযথভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি।


প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মো. তাফহীম বলেন, “আমরা এই সেশনকে নারী বনাম পুরুষ হিসেবে দেখতে বা উপস্থাপন করতে চাই না। আমরা জেন্ডার ভূমিকা ও দৃষ্টিভঙ্গিকে মানুষের জায়গা থেকে দেখতে চাই—যেখানে পারস্পরিক সম্মান থাকবে।”


কর্মশালার প্রশিক্ষক ও পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুণ সাংবাদিকতায় ভাষা ও উপস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা আলাদা কোনো বিষয় নয়; এটি দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতারই অংশ।”


তিনি আরও বলেন, সংবাদে ব্যবহৃত শব্দ, শিরোনাম, ছবি এবং কার কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া হচ্ছে—প্রতিটি সিদ্ধান্তই মানুষের প্রতি গণমাধ্যমের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে।


কর্মশালায় আরও বক্তব্য দেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাধারণ সম্পাদক এস এম জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম প্রমুখ।


বক্তারা জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যনির্ভর সাংবাদিকতা ও অন্যান্য সমসাময়িক বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরির আহ্বান জানান।


তারা বলেন, ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক ও জেলা পর্যায়ের সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান আরও সমৃদ্ধ করা সম্ভব।


কর্মশালায় বাস্তব সংবাদ ও বিভিন্ন উদাহরণ বিশ্লেষণের মাধ্যমে জেন্ডার-সংবেদনশীল ভাষার ব্যবহার, ক্ষতিকর স্টেরিওটাইপ চিহ্নিত করা এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিকভাবে সংবাদ উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও অনুশীলন করা হয়।


বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান সাংবাদিকদের জন্য ব্যতিক্রমী এ বিষয়ে এক দিনের কর্মশালা আয়োজন করায় পিআইবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান সাংবাদিকতার কাজে বাস্তবভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।