সেনবাগে গোল্ড মেডেলভিত্তিক মেধা উৎসব, সম্মাননা পেলেন ৭৩ কৃতী শিক্ষার্থী

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
সেনবাগে গোল্ড মেডেলভিত্তিক মেধা উৎসব, সম্মাননা পেলেন ৭৩ কৃতী শিক্ষার্থী

সূত্রঃ সংগৃহীত

জুয়েল রানা, নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর সেনবাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মেধা উৎসব ২০২৬’। ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় এ+ পাওয়া ৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা, ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মাননা এবং মেধার বিশেষ স্বীকৃতি দিতে সৈয়দ হারুন ফাউন্ডেশন এ আয়োজন করে।


রোববার (১৩ সেপ্টেম্বর) সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষানুরাগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এবারের অনুষ্ঠানটি গত বছরের ধারাবাহিকতায় ‘মেধা উৎসব’-এর দ্বিতীয় আয়োজন।


এবার ছাত্রদের মধ্যে সর্বোচ্চ গড় নম্বর অর্জন করে গোল্ড মেডেল পেয়েছেন শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাহেদুল আলম। তিনি মোট ১১৬১ নম্বর পেয়ে ৯২ দশমিক ৮৮ শতাংশ গড় নম্বর অর্জন করেন।


ছাত্রীদের মধ্যে সর্বোচ্চ গড় নম্বর অর্জন করে গোল্ড মেডেল পেয়েছেন তেমুহনী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা ফয়সাল আয়েশা। তিনি মোট ১১৩৮ নম্বর পেয়ে ৯১ দশমিক ০৪ শতাংশ গড় নম্বর অর্জন করেন।


শিক্ষার্থীদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলকেও দেওয়া হয় বিশেষ স্বীকৃতি। সর্বোচ্চ ১১ জন এ+ পাওয়ায় সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে সর্বোচ্চ এ+ অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হয়।


অন্যদিকে, ৮০ শতাংশ পাসের হার অর্জন করায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে সর্বোচ্চ পাসের হার অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা দেওয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলকে শুধু পরীক্ষার ফল হিসেবে না দেখে সামাজিকভাবে স্বীকৃতি ও সম্মান জানানো প্রয়োজন। এতে শিক্ষার্থীরা ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাফল্যকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা সম্ভব।


সৈয়দ হারুন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক সহায়তা, চিকিৎসা সহায়তা, সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। মেধাবৃত্তি ও শিক্ষা সহায়তা, ‘SSC Student Success Project’, ‘লাখপতি প্রকল্প’, ‘স্বপ্নের বাজার’, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন সহায়তা এবং প্রযুক্তি ও রোবটিক্সভিত্তিক উদ্যোগসহ বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় ‘মেধা উৎসব’ ফাউন্ডেশনের অন্যতম প্রধান শিক্ষা-কেন্দ্রিক আয়োজন হিসেবে পরিচালিত হচ্ছে।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেধাকে উৎসাহিত করা, সাফল্যকে মর্যাদা দেওয়া এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগানোই ‘মেধা উৎসব’-এর মূল লক্ষ্য। শুধু ব্যক্তিগত মেধা ও সাফল্য নয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অর্জনকেও স্বীকৃতি দেওয়ার মাধ্যমে সেনবাগের সামগ্রিক শিক্ষাঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে এ আয়োজন অব্যাহত থাকবে।


অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে পুরো আয়োজন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।


সৈয়দ হারুন ফাউন্ডেশনের এ আয়োজনে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ব্যাপক অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি পরিণত হয় সেনবাগের শিক্ষা ও মেধার এক মিলনমেলায়।


এমকে/বিএম২৪