বিআরটিএর ডিডি তৌহিদুলের বিরুদ্ধে জালিয়াতি-আর্থিক অনিয়মের অভিযোগ
সূত্রঃ ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম মেট্রো সার্কেল-১-এর উপপরিচালক (ডিডি) প্রকৌশলী তৌহিদুল হোসেনের বিরুদ্ধে নথি জালিয়াতি, আর্থিক অনিয়ম ও বিধিবহির্ভূতভাবে যানবাহনের অনুমোদন দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযোগ প্রত্যাহারে চাপ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত এবং সংশ্লিষ্ট নথি ও ডিজিটাল রেকর্ড সংরক্ষণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে একটি লিখিত আবেদন করা হয়েছে। আবেদনের অনুলিপি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছেও পাঠানো হয়েছে।
আবেদনে অভিযোগ করা হয়, উপপরিচালক প্রকৌশলী তৌহিদুল হোসেনের প্রত্যক্ষ মদদে চট্টগ্রাম মেট্রো সার্কেল-১-এ যানবাহন প্রতিস্থাপন, নতুন নিবন্ধন, মালিকানা পরিবর্তন ও আমদানি-সংক্রান্ত নথি জালিয়াতির মতো অনিয়ম চলছে। পাশাপাশি বিধিবহির্ভূতভাবে স্লিপার বাস অনুমোদনসহ বিভিন্ন কার্যক্রমে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগও করা হয়েছে।
অভিযোগকারী মো. জহির উদ্দিন দাবি করেন, এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলায় তিনি চাপ ও ভয়ভীতির মুখে পড়েছেন। অভিযোগ প্রত্যাহারের জন্য তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ এবং সন্ত্রাসীদের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
আবেদনে বলা হয়, অভিযোগের গুরুত্বপূর্ণ সাক্ষ্য ও প্রমাণ বিআরটিএর সংশ্লিষ্ট কার্যক্রম, সরকারি নথি এবং ডিজিটাল রেকর্ডের সঙ্গে সম্পৃক্ত। অভিযুক্ত কর্মকর্তা স্বপদে বহাল থাকলে এসব নথি-রেকর্ড, কর্মকর্তা-কর্মচারী ও সম্ভাব্য সাক্ষীদের ওপর প্রভাব বিস্তারের আশঙ্কা রয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে পুরোনো প্রতিস্থাপন, স্ক্র্যাপিং, নিবন্ধন ও মালিকানা পরিবর্তনসংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল রেকর্ড অবিলম্বে নিরাপদ হেফাজতে নেওয়ার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে তদন্ত চলাকালে প্রকৌশলী তৌহিদুল হোসেনকে চট্টগ্রাম থেকে অন্যত্র সাময়িকভাবে সংযুক্ত বা বদলি করারও দাবি জানানো হয়েছে।
মো. জহির উদ্দিন আরও অভিযোগ করেন, অনিয়মের মাধ্যমে অর্জিত অর্থ অভিযুক্ত কর্মকর্তা কতিপয় আওয়ামী লীগ নেতার মাধ্যমে সরকারবিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করছেন। তবে এ অভিযোগের পক্ষে আবেদনে কী ধরনের প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অভিযোগকারী বলেন, অভিযোগ দায়েরের পর থেকেই তাকে বিভিন্নভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে। তৌহিদুল হোসেনকে বর্তমান পদে বহাল রেখে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।
এদিকে অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও শাস্তির দাবিতে আগামী ১৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। পরিবহন শ্রমিক নেতারা জানান, সংবাদ সম্মেলন থেকে বিভাগীয় কার্যালয় ঘেরাওসহ পরবর্তী কর্মসূচির ঘোষণা আসতে পারে।
অভিযোগের বিষয়ে বিআরটিএ চট্টগ্রাম মেট্রো সার্কেল-১-এর উপপরিচালক প্রকৌশলী তৌহিদুল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
এদিকে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়ার বিষয়টি নির্ধারিত হবে।









