গ্যাসের জন্য দীর্ঘ লাইন, সময়-আয় দুটোই হারাচ্ছেন চালকরা
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম থাকায় রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়ায় সময়ের পাশাপাশি দৈনিক আয়ও কমে যাচ্ছে বলে অভিযোগ চালকদের।
মগবাজারের একটি সিএনজি স্টেশনে দেখা যায়, গ্যাস নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন চালকরা। কেউ দুই ঘণ্টা, আবার কেউ তিন ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন।
চালকদের অভিযোগ, গ্যাসের প্রেসার কম থাকায় একবারে প্রয়োজনীয় পরিমাণ গ্যাস নিতে পারছেন না তারা। ফলে অনেককেই একই স্টেশনে দুই থেকে তিনবার আসতে হচ্ছে।
দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় যাত্রী পরিবহনের জন্য রাস্তায় থাকার সময় কমে যাচ্ছে। এতে সরাসরি প্রভাব পড়ছে তাদের দৈনিক আয়ে।
শুধু একটি স্টেশনেই নয়, মগবাজারের আরও একটি সিএনজি স্টেশনেও প্রায় একই চিত্র দেখা গেছে। একদিকে দীর্ঘ লাইন, অন্যদিকে কম গ্যাসের চাপ—সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা।
স্টেশন কর্মীদের বক্তব্যেও গ্যাসের চাপ কম থাকার বিষয়টি উঠে এসেছে। চালকদের দাবি, দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করা হলে এই দুর্ভোগ অনেকটাই কমবে।
ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস না পাওয়ার এই সংকটের অবসান চান চালকরা। স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করে দ্রুত পরিস্থিতির উন্নতির প্রত্যাশা তাদের।
এমকে/বিএম২৪









