রাবিতে নটরডেমিয়ানস অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০১:৫২ পিএম
রাবিতে নটরডেমিয়ানস অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত ঢাকা নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীদের সংগঠন নটরডেমিয়ানস অ্যালায়েন্স অব রাজশাহী বিশ্ববিদ্যালয় (NDARU)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও ফ্রেশার্স ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।


শুক্রবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের ১২৫ নম্বর কক্ষে (CCDC) আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, নটর ডেম কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নটরডেমিয়ানরা অংশ নেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আচওয়া আহমদ (আরিয়ান)। তিনি বলেন, NDARU শুধু একটি সংগঠন নয়, বরং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নটরডেমিয়ানদের পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও আজীবনের বন্ধনের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় জীবনে কোনো নটরডেমিয়ান যেন নিজেকে একা মনে না করেন, সেই লক্ষ্য নিয়েই সংগঠনটি কাজ করবে।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মকসিদুল হক কাওসার। তিনি শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, নেতৃত্ব, নৈতিকতা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার আহ্বান জানান।


অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, একাডেমিক দিকনির্দেশনা এবং সিনিয়র-জুনিয়র নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। নটর ডেম কলেজের ঐতিহ্য ও মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপের পাশাপাশি সংগঠনের উপদেষ্টাদের পরিচয় তুলে ধরা হয় এবং সংগঠন গঠনে অবদান রাখা সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


এ সময় সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। এতে আচওয়া আহমদ (আরিয়ান) সভাপতি এবং মো. স্বাধীন খন্দকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মুর্শেদুর রহমান রূপক, যুগ্ম সাধারণ সম্পাদক মার্ক সাইলাস, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রাজ, সাংগঠনিক সম্পাদক নাফিউ ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রাফি, যোগাযোগ সম্পাদক কামরুজ্জামান, তথ্যপ্রযুক্তি ও মিডিয়া সম্পাদক মেহেদী হাসান এবং কল্যাণ সম্পাদক এস. এফ. আহমেদ প্রিন্স।


এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মাহফুজ, মুশফিক, নাফিজ, সৌরভ বণিক এবং নাফিজ আরাফাত।


সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নটরডেমিয়ানদের জন্য একাডেমিক সহায়তা, ক্যারিয়ার গাইডলাইন, সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।