ক্যাম্পাস ও কর্পোরেটের সংযোগে ৫৪ বিশ্ববিদ্যালয়ের ৬৬ শিক্ষার্থী

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম
ক্যাম্পাস ও কর্পোরেটের সংযোগে ৫৪ বিশ্ববিদ্যালয়ের ৬৬ শিক্ষার্থী

সূত্রঃ সংগৃহীত

বাকৃবি প্রতিনিধি

ক্লাসরুমের পাঠ্যসূচির বাইরে বাস্তব প্রকল্পে হাতে-কলমে নেতৃত্ব ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন দেশের ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৬ জন শিক্ষার্থী। এসিআই পিএলসির শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘এসিআই ক্যারিয়ার এজ একাডেমি’র ‘ক্যারিয়ার এজ ক্যাম্পাস লিডারশিপ’ প্রোগ্রামে ক্যাম্পাস লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন তারা। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে সুযোগ পেয়েছেন কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেরাজ হোসেন ইমন।


ছয় মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস ও কর্পোরেট জগতের মধ্যে যোগসূত্র হিসেবে কাজ করবেন। তাদের মূল দায়িত্ব হবে নিজ নিজ প্রতিষ্ঠানে সহপাঠীদের দক্ষতা উন্নয়নের সুযোগ সম্পর্কে সচেতন করা এবং তাদের একাডেমির সঙ্গে যুক্ত করা।


কর্মসূচির আয়োজক এসিআই ক্যারিয়ার এজ একাডেমি সূত্রে জানা যায়, দেশের ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ২৬২ জন শিক্ষার্থী এ প্রোগ্রামে ক্যাম্পাস লিডার হওয়ার জন্য আবেদন করেন। বাছাই প্রক্রিয়া শেষে ৫৪টি প্রতিষ্ঠান থেকে ৬৬ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। আবেদনকারীদের হিসাবে প্রতি ২০ জনে একজনেরও কম শিক্ষার্থী এ সুযোগ পেয়েছেন।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় এসিআই সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের সঙ্গে যুক্ত করা হয়।


আয়োজকরা জানান, প্রোগ্রামের ছয় মাসজুড়ে অংশগ্রহণকারীরা কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন, যোগাযোগ, সময় ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নেবেন। তবে কার্যক্রম শুধু প্রশিক্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। শেখা বিষয়গুলো তারা নিজেদের পরিচালিত প্রকল্পে সরাসরি প্রয়োগ করবেন। এর মাধ্যমে নেতৃত্ব, পরিকল্পনা, দলগত কাজ, যোগাযোগ ও সমস্যা সমাধানের মতো দক্ষতা বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে উঠবে।


অনুষ্ঠানে একাডেমির পক্ষ থেকে অংশগ্রহণকারীদের আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা, লিডার হিসেবে দায়িত্ব এবং প্রজেক্টভিত্তিক কাজের রূপরেখা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বিভিন্ন সেশনে প্রশিক্ষণ দেন এসিআই পিএলসির ট্রেনিং বিভাগের এজিএম মো. আবদুল মেনাম আদিল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই পিএলসির চিফ পিপল অফিসার মঈনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের লিড আসিফ ইয়াসিন কবির, কাজী শাদমান ও সুরাইয়া খুশবু।


বাকৃবি থেকে নির্বাচিত হওয়ার বিষয়ে মো. মেহেরাজ হোসেন ইমন বলেন, ‘কর্পোরেট জগতের প্রতি ভালো লাগা থেকেই আবেদন করেছিলাম। নিজের ক্যাম্পাসকে বড় পরিসরে প্রতিনিধিত্ব করার সুযোগটি সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করব। ক্যাম্পাসের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে একাডেমির সহযোগিতায় বেশ কিছু কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।’


প্রকল্পের লিড আসিফ ইয়াসিন কবির বলেন, ‘আগস্ট থেকে শুরু হওয়া এ উদ্যোগ এখন ছোট পরিসরে চললেও আগামী বছরের মধ্যে ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোতে কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে চলে যাওয়া তরুণদেরও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে চাই। আমাদের লক্ষ্য শুধু কিছু প্রশিক্ষণ আয়োজন করা নয়, বরং তরুণদের ধীরে ধীরে একটি বৃহত্তর কর্মসংস্থান বাস্তুতন্ত্রের মধ্যে নিয়ে আসা।’


উল্লেখ্য, এসিআই ক্যারিয়ার এজ একাডেমি এসিআই পিএলসির একটি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম। তরুণদের কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে সেলস এক্সেলেরেটর প্রোগ্রাম এবং এআই এক্সেলেরেটর বুটক্যাম্পের মতো কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে তারা। এসব কার্যক্রমে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


এমকে/বিএম২৪