সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি গত সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রতিদিন একটি করে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। প্রতিশ্রুতি ভঙ্গের পরও দম্ভের সঙ্গে দলটি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে। এভাবে ইতোমধ্যে জুলাই সনদের ১৭টি ধারা লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনপির অবস্থানের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, দলটি এমনভাবে এগোতে চেয়েছিল, যাতে দুই দিকই ধরে রাখা যায়। কিন্তু এভাবে চলতে গিয়ে শেষ পর্যন্ত তাদের অবস্থানই প্রশ্নবিদ্ধ হচ্ছে।
তিনি বলেন, বিরোধী দল বারবার সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে। গণভোটের মাধ্যমে জনগণ ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য সংস্কারের ক্ষমতা দিয়েছিল। কিন্তু গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের অর্ধেক মেনে নিলেও বাকি অংশ বিএনপি সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, সেই সময়ের মতোই বিএনপি এখন নিজেদের পক্ষে থাকা বিষয়গুলো গ্রহণ করছে, আর বিপক্ষে গেলে তা মানতে চাইছে না। গণভোটের ফলাফল মেনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় সরকারদলীয় সংসদ সদস্যদের সমালোচনা করেন তিনি।
হাসনাত আবদুল্লাহর অভিযোগ, বিএনপির এই অবস্থানের কারণে জুলাই সনদের কার্যকারিতা নষ্ট হয়েছে। তাঁর ভাষায়, দলটি নিজের হাতেই জুলাই সনদকে অকার্যকর করে ফেলেছে। এরপরও প্রতিদিন সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
এমকে/বিএম২৪









