মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইন ভাঙলে ব্যবস্থা নেবে পুলিশ

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম
মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইন ভাঙলে ব্যবস্থা নেবে পুলিশ

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে দেখা যাওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের কর্মকাণ্ড খতিয়ে দেখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অস্ত্র প্রদর্শনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


রোববার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব কথা বলেন।


তিনি বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য এখনই মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার (ডিসি) পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। সেখানে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ডিএমপি আইনগত ব্যবস্থা নেবে।


মাদকবিরোধী অভিযানে একজন মন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না—এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান এ বিষয়ে মন্তব্য করতে চাননি।


এর আগে, শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে এক হাতে হ্যান্ড মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে অভিযানে অংশ নিতে দেখা যায়।


ভিডিওতে দেখা যায়, রাজধানীর গেন্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় গাড়ি থেকে নেমে পিস্তল উঁচিয়ে একদল লোককে ধাওয়া করছেন প্রতিমন্ত্রী। একপর্যায়ে অস্ত্র তাক করে ‘অ্যাই দাঁড়াও, দাঁড়াও’ বলে চিৎকার করে তাঁদের থামার নির্দেশ দেন তিনি। এ সময় তাঁর পাশে সাদা পোশাক পরা আরেক ব্যক্তিকেও হাতে অস্ত্র নিয়ে দৌড়াতে দেখা যায়।


এদিকে, শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন।


ওই পোস্টে তিনি জানান, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর শাস্তি আরও কঠোর হবে বলেও উল্লেখ করেন তিনি।


পোস্টে আরও বলা হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী। এলাকাটিকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এ কাজে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।


এমকে/বিএম২৪