প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করেও নানা প্রতিকূলতার মধ্যে দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মাজার জিয়ারতের আয়োজন করা হয়।
রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন শুধু জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও পৌঁছেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা কিংবা তীব্র শীত—প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে থেকেও তিনি নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইনে সায়েন্স এক্সিবিশনসহ নানা ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে।
এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, দেশজুড়ে বৃক্ষরোপণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে অসংখ্য মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংগঠনটি নিরবচ্ছিন্নভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









