গণভোটেই রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হয়েছে, সংবিধানে নয়: ব্যারিস্টার ফুয়াদ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক প্রশ্নের মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও গণভোটের মধ্য দিয়ে রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হয়েছে। এখন বিষয়টিকে সংবিধানের কাঠামোর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা সাংবিধানিক প্রতারণা।
রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির হলরুমে ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাই সনদের মৌলিক লক্ষ্য ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং ক্ষমতাধর ব্যক্তিদের নিয়ন্ত্রণ নিশ্চিত করা, যাতে কেউ এসব প্রতিষ্ঠানের অপব্যবহার করতে না পারেন।
তিনি অভিযোগ করেন, সংস্কার পরিষদ গঠন না করে জুলাই সনদের ওপর গণভোটের রায় উপেক্ষা করার মাধ্যমে রাষ্ট্রে আবারও আওয়ামী লীগের শাসনামলের সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে আলোচনা করতে গেলেই সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংশোধনী বিল সংসদে পাস করে আবার গণভোটের আয়োজন করা হবে। অথচ রাজনৈতিক প্রশ্নের মীমাংসা সংবিধানের মাধ্যমে হয় না। পৃথিবীতে কোনো বিপ্লব সংবিধানের মাধ্যমে হয়নি। গণঅভ্যুত্থানের আগে ছাত্রনেতারা সংসদের অনুমতি নিয়ে আন্দোলনে নামেননি।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ও গণভোটের মধ্য দিয়ে রাজনৈতিক প্রশ্নের মীমাংসা হয়ে গেছে। এখন বাকি শুধু সনদ বাস্তবায়ন। বিষয়টিকে সংবিধানের কাঠামোর মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা একটি ফাঁদ ও সাংবিধানিক প্রতারণা।
সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ফুয়াদ বলেন, সরকার এ বিষয়ে আলোচনা শুরু করলে ১১ দলীয় জোট সহযোগিতা করবে। তবে সনদকে প্রশ্নবিদ্ধ করা এবং গণভোটের রায় অস্বীকার করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, সরকারকে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় মেনে নিতে বাধ্য করতে জনগণের কাছে যাবে ১১ দলীয় জোট। গণতান্ত্রিক পদ্ধতিতে এ দাবি আদায়ের চেষ্টা করা হবে। গণভোটের গণরায় বর্তমান সরকার মেনে নেবে—এটাই তাদের প্রত্যাশা।
এমকে/বিএম২৪









