পল্লবীতে গুলিতে বিএনপি নেতা আহত, পথচারী নারীও গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৪২ পিএম
পল্লবীতে গুলিতে বিএনপি নেতা আহত, পথচারী নারীও গুলিবিদ্ধ

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক



রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর নামে এক ব্যক্তি আহত হয়েছেন। স্বজনদের দাবি, তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য। একই ঘটনায় রাজিয়া নামে এক পথচারী নারীও আহত হয়েছেন।


শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।


আহত আলমগীরের চাচা মো. আশিক জানান, আলমগীর মিরপুর সেকশন-১১-এর ৩ নম্বর রোডের বাসিন্দা। তিনি মাছের ব্যবসার পাশাপাশি নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।


তিনি বলেন, শুক্রবার বিকেলে একটি প্রাইভেটকারে করে চার ব্যক্তি ঘটনাস্থলে এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলি লাগে। একই সময় রাজিয়া নামে এক পথচারী নারীও গুলিবিদ্ধ হন।


গুলিবিদ্ধ আলমগীরকে স্বজনরা প্রথমে ইসলামীয়া হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


স্বজনদের ধারণা, রাজনৈতিক বিরোধের জের ধরে আলমগীরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলি লেগেছে।


এমকে/বিএম২৪