দিনদুপুরে ঢাকায় চিকিৎসক খুন, লুটের অভিযোগ
সূত্রঃ ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে নিজ বাসায় শ্বাসরোধে হত্যা করা হয়েছে এক নারী চিকিৎসককে। একই সঙ্গে বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টার পর ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে চিকিৎসক সারা রোকসানা পিনুকে হত্যা করে। পরে ঘরের মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত সারা রোকসানা পিনু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূইয়া বাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, দুর্বৃত্তরা গ্রিল কেটে বাসায় ঢুকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
নিহতের ছেলে জানান, বাসায় ফিরে তিনি মায়ের মরদেহ অতিথিকক্ষে দেখতে পান। তার দাবি, গ্রিল কেটে ঘরে প্রবেশের পর দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পাশাপাশি মায়ের কাছে থাকা সব স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। তবে বাসার কিছু জিনিসপত্র এখনো পড়ে রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেগুলোতে হাত দেওয়া হবে না।
পুলিশের তথ্যমতে, ঘটনার সময় নিহতের স্বামী অফিসে ছিলেন এবং মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন। প্রতিদিন স্কুল ছুটির পর মা মেয়েকে আনতে গেলেও সেদিন না যাওয়ায় মেয়েটি নিজেই বাসায় ফিরে আসে। বাসার পরিস্থিতি দেখে সে আবার স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। পরে শিক্ষক নিহতের স্বামীকে খবর দেন।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সে সময় নিহতের স্বামী ও ছোট মেয়ে বাসায় উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে গ্রিল কাটা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পাশাপাশি বাসায় লুটপাটও হয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী পরিমাণ মালামাল খোয়া গেছে, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।









