কিশোরগঞ্জের নীলফামারীতে জাল ভিসা ও বিদেশি মুদ্রা সহ যুবক গ্রেপ্তার
এ আর সুমন, জেলা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা ও জাল বিদেশি মুদ্রা তৈরি করে প্রতারণার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মমিজুল ইসলাম, জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মমিজুল ইসলাম তার নিজ বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা ও জাল বিদেশি কারেন্সি তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল বিদেশি কারেন্সি, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান, বাংলাদেশ মেইল কে জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।









