১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা বালন-আর বাল্কি
সংগৃহীত
বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন ও খ্যাতনামা পরিচালক আর বাল্কি ১৭ বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ২০০৯ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘পা’-এর পর এবার ভিন্নধর্মী একটি তামিল প্রজেক্টে জুটি বাঁধছেন তারা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চিত্রনাট্য হাতে শুটিংয়ের পেছনের একটি ছবি প্রকাশ করে নতুন সিনেমার ঘোষণা দেন বিদ্যা বালন। ছবিতে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীকে চশমা পরা ও পরিপাটি বেণী করা লুকে মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়তে দেখা যায়।
ছবির ক্যাপশনে বিদ্যা লিখেছেন, ‘নতুন সূচনা, আর বাল্কির সঙ্গে নতুন তামিল ছবি।’
তবে এখনো সিনেমাটির নাম বা গল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিদ্যার পোস্ট থেকে সিনেমাটির শুটিং শুরুর প্রাথমিক ইঙ্গিত মিললেও নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
২০০৯ সালে আর বাল্কি পরিচালিত ‘পা’ সিনেমায় অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন বিদ্যা বালন। দীর্ঘ ১৭ বছর পর তাদের এই পুনর্মিলনের খবরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এদিকে ২০২৬ সালের শেষভাগে একাধিক বড় বাজেটের সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা। মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটিতে তার চরিত্রের ফার্স্ট লুক টিজার। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এ ছাড়া পরিচালক আনিস বাজমির নাম ঠিক না হওয়া একটি কমেডি-ড্রামা সিনেমাতেও অভিনয় করছেন বিদ্যা। এতে অক্ষয় কুমার ও রাশি খান্নার সঙ্গে দেখা যাবে তাকে। কেরালায় সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। আগামী ৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
এমকে/বিএম২৪









