শ্যামনগরে ‘তারুণ্যের শক্তি ইয়ুথ টিম’-এর শুভ উদ্বোধন
সংগৃহীত
মোঃ জহিরুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে যুবসমাজকে মাদক, জুয়া ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিম’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মইনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবু হোসেন বলেন, তরুণদের সংগঠিত করে সমাজের কল্যাণে কাজে লাগানোর এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে মোঃ মইনুল ইসলাম বলেন, তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সামাজিক ও মানবিক সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তরুণদের ভালো কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।
সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ শাহিন হোসেন বলেন, তরুণদের সঠিক পথে পরিচালিত করে একটি মানবিক, সচেতন ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যেই ‘তারুণ্যের শক্তি ইয়ুথ টিম’ কাজ করবে।
‘তারুণ্যের শক্তি, মানবতার মুক্তি’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি খেলাধুলার প্রসার, পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা, মাদকবিরোধী প্রচারণা, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবিক কার্যক্রম পরিচালনা করবে।
সংগঠনের কমিটিতে সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সহসভাপতি মোঃ ইসরাফিল সায়েম, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাকিম বিল্লাহ এবং প্রচার সম্পাদক মোঃ তুহিন হোসেন রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার তরুণরা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪









