রাজশাহীতে প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের মৃত্যু
সংগৃহীত
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার প্রবীণ শিক্ষক ও সমাজসেবক আলহাজ্ব আবু সাঈদ মাস্টার (৮৬) আর নেই। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি হড়গ্রাম চারখুটার মোড় এলাকার মরহুম আব্দুল বারী মুন্সির ছেলে।
আলহাজ্ব আবু সাঈদ মাস্টার দীর্ঘ কর্মজীবনে রাজশাহী মহানগরীর কোর্ট বাজার জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সপ্তম।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আমার দেশ-এর সাংবাদিক, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহসভাপতি ও মানবাধিকারকর্মী মঈন উদ্দিনের ছোট চাচা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর হড়গ্রাম গোরস্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে সেখানেই তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
এমকে/বিএম২৪









