বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম
বাংলাদেশে শিল্পী হওয়া একটা অভিশাপ: রিনা খান

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান। বিশেষ করে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের কাছে আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সিনেমায় কাজ করে নিজস্ব অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। তবে অনেকদিন ধরেই রিনা খান চলচ্চিত্রের পর্দায় তেমন সক্রিয় নন। এখন সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী।


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চেয়েও পাননি অভিনেত্রী রিনা খান। এরই মধ্যে শিল্পীদের মূল্যায়ন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি।


মনোনয়ন না পেয়ে তার বেশ মন খারাপ বোঝা যাচ্ছে তার ফেসবুকে চোখ রাখলেই। একের পর এক স্ট্যাটাস দিয়ে শিল্পী হিসেবে অবমূল্যায়িত হওয়ার ক্ষোভ প্রকাশ করছেন তিনি। 


সেই ধারাবাহিকতায় গত ২২ এপ্রিল বুধবার ফেসবুকে রিনা খান লেখেন, ‘বাংলাদেশের শিল্পী হওয়া একটা অভিশাপ। নাই টাকা, নাই সম্মান। যতটুকু পাই নিজের যোগ্যতায়।’


তার এই বক্তব্য ঘিরে বিভিন্ন মহল থেকে নানা ব্যাখ্যা উঠে আসছে। অনেকেই মনে করছেন, মনোনয়ন না পাওয়ার হতাশা থেকেই এমন মন্তব্য করেছেন রিনা খান। যদিও নিজের পোস্টে সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী। রিনা খানের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ শিল্পীদের যথাযথ মূল্যায়নের প্রশ্নটিকে গুরুত্ব দিয়ে দেখছেন, আবার অনেকে এটিকে ব্যক্তিগত হতাশার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করছেন। 


এ বিষয়ে রিনা খানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে তার সংক্ষিপ্ত এই পোস্ট নতুন করে শিল্পী ও রাজনীতির সম্পর্ক নিয়ে আলোচনার দ্বার খুলে দিয়েছে।


প্রসঙ্গত, রাজনৈতিক অঙ্গনে রিনা খান দীর্ঘদিন ধরে যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সঙ্গে। বর্তমানে জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়া এবং সংগঠনের সঙ্গে সক্রিয় থাকতে দেখা গেছে তাকে। এখন সেই রাজনৈতিক পথচলাকে আরও এক ধাপ এগিয়ে নিতে চান এই অভিনেত্রী।