প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, তারপর যা হলো
সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রেমের গুঞ্জন, সম্পর্কের স্বীকারোক্তি এবং পরে বিচ্ছেদ—সৃজিত মুখার্জি ও সুস্মিতা দে-কে ঘিরে টলিপাড়ায় একসময় বেশ আলোচনা হয়েছিল। সেই সম্পর্কের অধ্যায় পেরিয়ে এবার হইচইয়ের এক অনুষ্ঠানে হঠাৎ মুখোমুখি হলেন দুজন। সেখানে তাদের সংক্ষিপ্ত কথোপকথন ও একসঙ্গে ছবি তোলার মুহূর্ত নতুন করে আলোচনায় এসেছে।
একসময় টলিপাড়ায় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী সুস্মিতা দে-র প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিশেষ করে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার প্রচারণার সময় বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়। পরে সৃজিত নিজেও সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছিলেন।
তবে সময়ের সঙ্গে বদলে যায় তাদের সম্পর্কের সমীকরণ। একপর্যায়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং যোগাযোগও কমে যায়।
সম্প্রতি হইচইয়ের একটি অনুষ্ঠানে ফের মুখোমুখি হন সৃজিত ও সুস্মিতা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সুস্মিতার কাছে এগিয়ে গিয়ে তার সঙ্গে হাত মেলান সৃজিত। এরপর তিনি জানতে চান, ‘তুমি কেমন আছো?’
জবাবে সুস্মিতাও জানতে চান, ‘তুমি কেমন আছো?’ সৃজিত তখন বলেন, ‘আমি ভালো আছি।’ পরে পাপারাজ্জিদের অনুরোধে পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে ছবিও তোলেন তারা।
তবে পুরো মুহূর্তে দুজনের কথাবার্তা ছিল বেশ সংক্ষিপ্ত। তাদের অভিব্যক্তিতেও আগের মতো স্বাচ্ছন্দ্য দেখা যায়নি বলে ভিডিওটি ঘিরে আলোচনা শুরু হয়েছে।
এর আগে সৃজিতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন, সিনেমার প্রচারণার সময় বিভিন্ন জায়গায় একসঙ্গে যাওয়ার কারণেই তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল। বর্তমানে সৃজিতের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই বলেও জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে সৃজিতকে ‘ভীষণ ভালো পরিচালক’ ও ‘খুব গুণী মানুষ’ বলেও প্রশংসা করেছিলেন অভিনেত্রী।
টলিপাড়ায় বিভিন্ন সময়ে একাধিক অভিনেত্রীর সঙ্গে সৃজিতের নাম জড়ানোর খবরও এসেছে। তাদের মধ্যে ঋতাভরী, স্বস্তিকা ও আলেকজান্দ্রার নাম উল্লেখযোগ্য।
অন্যদিকে অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে ২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে হয় সৃজিতের। দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর মিথিলা কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন এবং মেয়েকেও সেখানকার একটি স্কুলে ভর্তি করান।
পরবর্তী সময়ে সৃজিত-মিথিলার সম্পর্কে দূরত্ব তৈরির খবর সামনে আসে। আগের তুলনায় কলকাতায় মিথিলার উপস্থিতিও কমে যায়। মেয়েকেও কলকাতার স্কুল থেকে ছাড়িয়ে বাংলাদেশে নিয়ে যান তিনি। যদিও মিথিলা জানিয়েছিলেন, ভিসা জটিলতার কারণে কলকাতায় যাতায়াত কম হয়েছে। সৃজিতের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, আইনত তারা এখনো স্বামী-স্ত্রী।
এমকে/বিএম২৪









