নাটকে বিসিএস ক্যাডার ফারহান, ভুল তথ্যে হাসির খোরাক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
নাটকে বিসিএস ক্যাডার ফারহান, ভুল তথ্যে হাসির খোরাক

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


‘বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও’—হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গানের এই লাইন থেকেই নাম নেওয়া হয়েছে নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটি গত ১০ সেপ্টেম্বর বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। মুক্তির পর নাটকটি দর্শকদের বেশ সাড়া পেলেও এর গল্পে বিসিএস ক্যাডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ নিয়ে একাধিক ভুল তথ্য তুলে ধরায় সমালোচনার মুখে পড়েছে।


নাটকটিতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্প অনুযায়ী, দরিদ্র পরিবারের মইনের সঙ্গে প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। পরে তিনি বিসিএস ক্যাডার হয়ে ইউএনও হিসেবে দায়িত্ব নেন।


তবে নাটকে মইনের চাকরিতে যোগদানের বিষয়টি নিয়েই প্রশ্ন তুলেছেন দর্শকদের অনেকে। নাটকে দেখা যায়, বিসিএস ক্যাডার হিসেবে চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিনেই মইন ইউএনও পদে দায়িত্ব নেন। বাস্তবে প্রশাসন ক্যাডারে যোগদানের পর বিভিন্ন ধাপ পেরিয়ে ও প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জনের পর ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ আসে।


এ ছাড়া নাটকে মইনের পদকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সরকারি চাকরির কাঠামোয় এমন কোনো পদ নেই বলেও দর্শকরা উল্লেখ করছেন। নাটকের নামফলকে ‘উত্তরা’কে উপজেলা হিসেবে দেখানো নিয়েও সমালোচনা করেছেন অনেকে।


নাটকটি ইতোমধ্যে ইউটিউবে ৫১ লাখের বেশি ভিউ পেয়েছে এবং এতে প্রায় দেড় হাজার মন্তব্য জমা পড়েছে। দর্শকদের একাংশ নাটকটির প্রশংসা করলেও সচেতন দর্শকদের অনেকে প্রশাসন ক্যাডার ও সরকারি পদ-পদবি উপস্থাপনে ভুলের বিষয়টি তুলে ধরেছেন।


তানভীর খালেদ নামে এক দর্শক মন্তব্য করেছেন, নাটকে বিসিএস ক্যাডারের পদ ও দায়িত্ব ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। অন্যদিকে মোহাম্মদ রবিন পারভেজ নামের এক দর্শক ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ পদ ব্যবহারের সমালোচনা করে নাটক নির্মাণের আগে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।


এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অনেক পোস্ট ও মন্তব্য দেখা যাচ্ছে। তবে এসব সমালোচনা নিয়ে এখনো নির্মাতা বা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


‘পথের সাথীকে চিনে নিও’ নাটকের গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে মুশফিক আর ফারহানের সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার, আরকে রেজাসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন সালাম জিম।


এর আগে আনিসুর রহমান রাজিবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকেও বিসিএসের পররাষ্ট্র ক্যাডার নিয়ে ভুল উপস্থাপনার অভিযোগ উঠেছিল। ওই নাটকে ফারহান আহমেদ জোভানকে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে দেখানো হয়।


এমকে/বিএম২৪