জুলাইয়ে অভিযুক্ত শিক্ষকদের বিচারে জরুরি সিন্ডিকেট আহ্বানের দাবি জাবি ছাত্র ইউনিয়নের
জাবি প্রতিবেদক :
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে অভিযুক্ত আওয়ামীপন্থি শিক্ষকদের দ্রুত বিচার ও শাস্তির দাবিতে জরুরি সিন্ডিকেট আহ্বানের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।
মঙ্গলবার (১৯ মে) সংগঠনটির সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া অভিযুক্ত শিক্ষকদের বিচার নিয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। অভ্যুত্থানের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সংশ্লিষ্ট শিক্ষকদের এখনো চূড়ান্ত শাস্তির আওতায় না আনা দুঃখজনক।
তারা অভিযোগ করেন, নারীদের যৌক্তিক আন্দোলনকে ব্যবহার করে শিক্ষকদের বিচারের বিষয়ে টালবাহানা করা হচ্ছে। বিচার প্রক্রিয়ায় কালক্ষেপণ করে অভিযুক্তদের রক্ষার যেকোনো চেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলা হয়, অবিলম্বে জরুরি সিন্ডিকেট সভা ডেকে জুলাইয়ে শিক্ষার্থীদের স্বার্থের বিপরীতে অবস্থান নেওয়া অভিযুক্ত শিক্ষকদের প্রশাসনিক ও আইনি শাস্তির আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের শিথিলতা মেনে নেওয়া হবে না। জুলাইয়ের শহীদ ও আহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রইউনিয়ন জাবি সংসদের সভাপতি অদ্রি অংকুর বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৫ই জুলাই ভিসির বাসভবনে আওয়ামীপন্থী শিক্ষকদের মদদে শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে দ্রুততম সময়ের মধ্যে আমরা তার বিচার চেয়ে আসছি। আগামী ২১ তারিখের সিন্ডিকেটে দোষী শিক্ষকদের বিরুদ্ধে হওয়া তদন্তের যে রিপোর্ট আসার কথা ছিলো সেটি ২১ তারিখে সিন্ডিকেটে উঠবে না বলে গতকালকে এক প্রেস কনফারেন্সে ভিসি জানিয়েছেন এবং এই বিচারকার্যে শিথিলতা আসার কারণ হিসেবে বিভিন্ন মহল ক্যাম্পাসে চলমান নারী শিক্ষার্থীদের আন্দোলনকে দায়ী করার চেষ্টা করছে।
আমরা দৃঢ়ভাবে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে অভিযুক্ত শিক্ষকদের তদন্তসাপেক্ষে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এবং জরুরি সিন্ডিকেট ডেকে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচার নিশ্চিত করতে হবে।








