মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ মহিলা শিক্ষক নির্বাচিত

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৮:১১ পিএম
মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ মহিলা শিক্ষক নির্বাচিত

মোঃ ফারুক হোসেন,  সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী জেলার শ্রেষ্ঠ মহিলা শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সেনবাগ উপজেলার কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ বেগম। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর জেলা পর্যায়ের বাছাই কার্যক্রমে অংশ নিয়ে তিনি এই গৌরবময় সম্মান অর্জন করেন।

বুধবার (৩ জুন ২০২৬) নোয়াখালীর মাইজদীস্থ জেলা প্রশাসকের কার্য্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকার ও বিচারকার্য শেষে বিজ্ঞ বিচারকমণ্ডলী তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

একই অনুষ্ঠানে কাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল আমিন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং বিজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হন। ফলে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ সেনবাগ উপজেলার তিনজন শিক্ষকের এ অর্জন উপজেলাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

উল্লেখ্য, এর আগে মমতাজ বেগম প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ সেনবাগ উপজেলা পর্যায়ে একই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

মমতাজ বেগমের শিক্ষাজীবন ও কর্মজীবনের পথচলা অনেকের জন্য অনুপ্রেরণার। ঢাকার মোহাম্মদপুরে বেড়ে ওঠা মমতাজ বেগম উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর প্রবাসীর সহধর্মিণী হয়ে সেনবাগে আসেন। সংসার ও পারিবারিক দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি স্নাতক (বিএসসি) সম্পন্ন করেন। পরবর্তীতে বিবাহিত জীবনের প্রায় সতেরো বছর পর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। বর্তমানে তিনি ইতিহাস বিষয়ে এমএ শেষ বর্ষে অধ্যয়নরত।

শিক্ষকতার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিশুদের শিক্ষা ও মানসিক বিকাশে নিবেদিত থাকার পাশাপাশি বয়স্ক মানুষদের সেবায় এবং বিভিন্ন দুর্যোগে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তিনি এলাকায় সুপরিচিত।

এর আগে ২০২২ সালে তিনি “সংগ্রামী নারী জয়িতা” সম্মাননায় ভূষিত হন। সে বছর তিনি উপজেলা, জেলা ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন করেন।

কবিরহাট উপজেলার নতুন শাহজীরহাটের ঘোষবাগ গ্রামের কন্যা এবং সেনবাগ উপজেলার পুত্রবধূ মমতাজ বেগমের এ সাফল্যে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।

শিক্ষা, অধ্যবসায়, মানবিকতা ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠা মমতাজ বেগমের এই অর্জন নারী শিক্ষকদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্যাক্তি জীবনে তিনি সেনবাগ নিবাসী এ সি আই পি এল সি,কঞ্জুমার ব্যান্ড এর সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্ট ম্যানাজার জাহাঙ্গীর বাবুর সহধর্মিণী। প্রথম কন্যা মারজান তাবাসসুম মীম সি আর পি সাভার,অকুপেশনাল থেরাপী দ্বিতীয় বর্ষ ও ছোট মেয়ে নোয়াখালী সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষার্থী।