বাস-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী মহানগরীর বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তার স্বামীসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহত বেদেনা বেগম রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের রেজ্জাকের স্ত্রী। আহতরা হলেন—তার স্বামী রেজ্জাক এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির।
পুলিশ জানায়, অক্ট্রয় মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সরাসরি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেদেনা বেগমকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে নাসিরকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরদিকে রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।









