তিন ইটভাটায় প্রশাসনের অভিযান: পৌনে ৮ লাখ টাকা জরিমানা
মোঃ মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী ) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। উপজেলার রসুলপুর ও কাদিরপুর ইউনিয়নে পরিচালিত এক যৌথ অভিযানে আইন লঙ্ঘনের দায়ে ৩টি ইটভাটাকে সর্বমোট ৭ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে পরিচালিত হওয়া এসব ইটভাটায় আকস্মিক এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাদাত হোসেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিভিন্ন ধারা লংঘন করায় তাৎক্ষণিকভাবে তিনটি মামলা দায়ের করা হয়।
অভিযানে অপরাধের মাত্রা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে নিম্নলিখিত অর্থদণ্ড প্রদান করা হয়: রুপালী ব্রিকস: ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা, দিগন্ত স্টার: ২,৬০,০০০ (দুই লক্ষ ষাট হাজার) টাকা, হোসনা ব্রিকস: ২,২০,০০০ (দুই লক্ষ বিশ হাজার) টাকা মোট জরিমানা আদায়: ০৩টি মামলায় সর্বমোট ৭,৮০,০০০/- (সাত লক্ষ আশি হাজার) টাকা।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন জানান, কৃষিজমি রক্ষা এবং বায়ুদূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো আপস করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন রসুলপুর ও কাদিরপুর এলাকার সাধারণ মানুষ।








