বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি:
পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে আনুমানিক দুপুর ১টার দিকে হাবিলদার মো. আমান উল্লাহর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫৯.২০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪০০ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। চোরাকারবারীরা নতুন নতুন কৌশল গ্রহণ করায় বাহিনী আরও সতর্কতার সঙ্গে টহল কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।








