নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা কলেজ-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ জাহেরুল ইসলাম:
রমজানের পবিত্রতা ও নতুনদের আগমনের আনন্দকে এক সুতোয় বাঁধতে, বৃহত্তর উত্তর অঞ্চলের (রংপুর ও রাজশাহী বিভাগের) ১৬টি জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা কলেজ-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানে অংশ নেন চার শতাধিক শিক্ষার্থী।
রোববার (১৫ মার্চ) ঢাকা কলেজ অডিটোরিয়ামে নর্থ বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোকলেসুর রহমানের সঞ্চালনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নর্থ বেঙ্গলের শিক্ষার্থীদের পাশাপাশি সংগঠনের উপদেষ্টা রাশেদুল ইসলাম রাশেদ, মো. আসাদুল ইসলাম, দেলোয়ার হোসেন রাসেল, মিলন মাহমুদ, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান, মোজাম্মেল পারভেজ, মহিউদ্দিন সোহান উপস্থিত ছিলেন।
এছাড়া নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সমন্বয়ক আনিসুর রহমান, রাজশাহী বিভাগীয় সহ-সমন্বয়ক শফিকুল ইসলাম এবং রংপুর বিভাগীয় সহ-সমন্বয়ক মেহেদী হাসান সজলসহ ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দেলোয়ার হোসেন রাসেল শিক্ষার্থীদের উদ্দেশে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মিলন মাহমুদ বলেন, শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ভ্রাতৃত্ববোধের বন্ধনে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সংগঠনটির সমন্বয়ক আনিসুর রহমান বলেন, ঢাকায় অধ্যয়নরত উত্তরবঙ্গের অসচ্ছল ও সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা করাই নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, এই শহরে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংগঠনটি সবসময় পাশে থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের অবহেলিত জনপদকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।









