ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ডুসাজ) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ডুসাজ) এর উদ্যোগে, বরাবরের মতো এবারও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ আসর শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডুসাজ-এর সভাপতি মহব্বত হোসেন টিপু'র সভাপতিত্বে ও নাজমুল হাসান রিগানের সঞ্চালনায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আয়ুব রানা, দ্বীন মোহাম্মদ চঞ্চল, তাজরিন আক্কাস জিনিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিক ছাড়াও, কর্ম ও জন্মসূত্রে ঝিনাইদহে অবস্থানরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ঢাবিয়ান প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলন মেলা তৈরি হয়। মুহুর্তেই যেন সবাই ফিরে যান সেই ক্যাম্পাস জীবনে। অনুষ্ঠানের এক পর্যায়ে ক্যাম্পাস জীবনের অমলিন স্মৃতিচারণায় বক্তারা বলেন,
'ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বন্ধন। আজকের এই মিলনমেলা আমাদেরকে পুনরায় সেই রঙিন ক্যাম্পাস জীবন ফিরিয়ে এনেছে।ঝিনাইদহে অবস্থানরত আমরা সকলেই একে-অপরের পাশে থেকে বাকি জীবনে জনকল্যাণমুখী কাজে নিয়োজিত থাকবো।'
ডুসাজ-এর সভাপতি মহব্বত হোসেন টিপু বলেন,
'ঝিনাইদহের বুকে এ যেন এক খণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা ঝিনাইদহে অবস্থানরত সকলেই দেশ ও দশের জন্য শতভাগ কাজ করে যাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অস্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অহংকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ই আমাদেরকে একসূত্রে গেঁথে রেখেছে।'
অনুষ্ঠানের একপর্যায়ে মুসলিম উম্মাহ, দেশ ও বিশ্ববাসী'র কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরিশেষে, আনন্দ মুখর পরিবেশে ইফতারে শরীক হওয়ার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ডুসাজ) এর বাৎসরিক ইফতার ও দোয়া অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
বা/মে২৪/ম









