চবি উপাচার্যের সঙ্গে ফুলব্রাইট স্কলার ড. সাইয়েদ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও ফুলব্রাইট স্কলার ড. সাইয়েদ আর. মাহমুদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় উপাচার্যের দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।ড. মাহমুদ ২০২৫-২৬ সেশনের ফুলব্রাইট ফেলো হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে তাঁর চার মাসের গবেষণা সফর শেষ করেছেন। যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার প্রাক্কালে তিনি উপাচার্যের সঙ্গে এই বিদায়ী সাক্ষাৎ করেন। এ সময় চবি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে উপাচার্য ও ফুলব্রাইট স্কলারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতা জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি বৃদ্ধি এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে বৈশ্বিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।
উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে গবেষণাধর্মী কাজের আগ্রহ তৈরিতে নিরলসভাবে কাজ করছি।" এ সময় তিনি ড. মাহমুদকে 'অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি' হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থেকে যৌথ গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রস্তাবদেন।
নিজের প্রতিক্রিয়ায় ড. সাইয়েদ আর. মাহমুদ উপাচার্যের আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই) হিসেবে চবির সার্বিক অগ্রযাত্রায় এবং একাডেমিক উন্নয়নে ভবিষ্যতেও যুক্ত থাকার দৃঢ় ইচ্ছা পোষণ করেন।








